Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের সময় স্বর্ণালংকার থানায় রাখতে পারবেন: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৮:৫৬

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, ঈদের সময় ঢাকায় যাদের আত্মীয়-স্বজন নেই এবং বাসায় মূল্যবান জিনিস রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা চাইলে থানায় স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে রাখতে পারবেন। পুলিশের সহায়তা নিতে কোনো দ্বিধা করার প্রয়োজন নেই।

রোববার (১৫ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সরওয়ার বলেন, ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোতেও থাকবে পুলিশের বিশেষ নজরদারি। ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও অভিযান চালানো হচ্ছে।

ব্রিফিংয়ে নগরবাসীর উদ্দেশে কিছু সতর্কতামূলক পরামর্শও দিয়ে তিনি বলেন, বাসা ত্যাগের আগে দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত। পাশাপাশি ভ্রমণের সময় নগদ অর্থ নিজের হেফাজতে রাখা এবং যাত্রাপথে সতর্ক থাকার আহ্বান জানানো হয় পথচারী ও যাত্রীদের প্রতি।

তিনি আরও বলেন, নগরবাসীর ঈদের আনন্দ যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যেই সার্বিক নিরাপত্তা জোরদার করে কাজ করছে পুলিশ। সচেতনতা বাড়লে অনেক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর