চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে মায়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৮টায় চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোটসহ চারজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।