Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মিয়ানমারে পাচারকালে ট্রলিং বোটসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১২:০৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কক্সবাজার: কক্সবাজারের বাঁশখালী উপকূলে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ আলুসহ ছয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বাঁশখালী থানাধীন এস আলম পাওয়ার প্লান্টসংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ট্রলিং জাল এবং শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৯৫০ কেজি আলু জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার পূর্ব ঢুমখালীর মো. আরমান (২৫), রামু উপজেলার উত্তর গোনারপাড়ার সাদ্দাম হোসাইন (২০), মহেশখালী উপজেলার মোডাকাডার মো. আব্দুল খালেক (১৯), একই উপজেলার মহরাকাডার রবি আলম (৩২), চকরিয়ার চাইরাআলীর মাহমুদ হোসেন (৬১) এবং মহেশখালীর ডলকাটপাড়ার রিদোয়ান (২৮)।

জব্দ করা আলু, ট্রলিং জাল ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর