Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেটের প্রথম আসন ছিনিয়ে নিলো ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৬ ০৯:১১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ০৯:৪০

মঞ্চে কথা বলছেন প্রথম সিনেট জয়ী ডেমোক্র্যাট রয় কুপার। ছবি: এপি।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার বিদায়ি রিপাবলিকান সিনেটর থম টিলিস কে হারিয়ে সিনেটের প্রথম আসনটি জয় করে নিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (৪ নভেম্বর) দেশটির অধিকাংশ অঙ্গরাজ্যের ভোট গ্রহণ শেষ হয়েছে, শুরু হয়েছে গণনা। তবে দেশটির সব অঙ্গরাজ্যে একসঙ্গে ভোটকেন্দ্র বন্ধ হয় না। স্থানীয় সময় অনুযায়ী, ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়।

এদিকে, জর্জিয়ায় ডেমোক্র্যাটিক সিনেটর জন ওসফ পুনর্নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক কলিন্সকে হারিয়ে সিনেটর পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

কলিন্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য। আর ২০২১ সাল থেকে সিনেটরের দায়িত্বে আছেন জন অসফ।

সাবেক গভর্নর রয় কুপার নর্থ ক্যারোলাইনার সেনেট নির্বাচনে জয় পাবেন বলে কয়েক সপ্তাহ ধরেই ধারণা করা হচ্ছিল। কারণ জনমত জরিপে তিনি স্বচ্ছন্দ ব্যবধানে এগিয়ে ছিলেন এবং রিপাবলিকানরা অঙ্গরাজ্যটিতে তাদের প্রচার ব্যয়ের একটি অংশ অন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর দিকে সরিয়ে নিয়েছিল।

তবুও তার বড় ব্যবধানে এগিয়ে থাকা একটি উল্লেখযোগ্য সাফল্য।

সর্বশেষ ২০০৮ সালে নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটরা সিনেট নির্বাচনে জিতেছিল। এরপর সাম্প্রতিক নির্বাচনি লড়াইগুলোতে দলটি তাদের প্রার্থীদের পক্ষে বিপুল সময় ও অর্থ বিনিয়োগ করলেও জয়ের দেখা পায়নি।

এই নির্বাচনটিকে কঠিন লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী সহজেই জয় পেয়েছেন।

এই আসনটি নিজেদের দখলে নেওয়ার ফলে এখন সেনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের রিপাবলিকানদের দখলে থাকা আরও তিনটি আসন নিজেদের পক্ষে আনতে হবে। একই সঙ্গে তাদের নিজেদের হাতে থাকা সব আসনও ধরে রাখতে হবে।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আরও পাঁচটি সিনেট আসনের ফলাফলের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যার সবগুলোতেই ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

ডেলাওয়্যার রাজ্যে ডেমোক্র্যাট ক্রিস কুনস তার সেনেট আসন ধরে রাখবেন বলে অনুমান করা হচ্ছে।

ইলিনয়ের ক্ষেত্রেও একই, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটন সেনেট আসনে জয়ী হবেন বলে অনুমান করা হচ্ছে।

ম্যাসাচুসেটসে, ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে. মার্কি তার আসন ধরে রেখেছেন।

এছাড়া রোড আইল্যান্ডে, ডেমোক্র্যাট সেনেটর জ্যাক রিডও তার আসন ধরে রেখেছেন।

আর নিউ জার্সির ডেমোক্র্যাট সেনেটর কোরি বুকারও তার আসন ধরে রাখবেন বলে অনুমান করা হচ্ছে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর