Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জ্বালানির দাম বাড়ছে না, অবৈধভাবে তেল মজুত করে লাভ নেই: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৩:১৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং এই মুহূর্তে মূল্য বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এখন পর্যন্ত কোনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়নি। একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি নিয়ে গুজব ও আতঙ্ক ছড়াচ্ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের সমন্বয়হীনতার চেয়ে মানুষের অহেতুক ভয় এবং অসচেতনতার সুযোগ নিয়ে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। তবে যদি কোথাও প্রকৃত কোনো সমন্বয়হীনতা থাকে, তবে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, তাই পেট্রোল পাম্প মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অবৈধভাবে তেল মজুদ করে কোনো লাভ হবে না। বরং যারা জনভোগান্তি তৈরি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় না করার জন্যও অনুরোধ জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর