Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুতি হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ১৩:৩৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৪:৩৯

নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আনতে বিমানবন্দরে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

মরদেহ বহনকারী ইউএস-বাংলার ফ্লাইটটি শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ২২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে শাহেদের মরদেহ গ্রহণ করেন স্বজনরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনার কাজ চলছে।’

শামা ওবায়েদ জানান, ‘সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কারাগারে কম-বেশি সাড়ে সাত হাজার বাংলাদেশি আছেন। এই সংখ্যাটা তারা আমাদের পাঠায়, বিভিন্ন সাজায় তারা জেলে থাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনের নাম সেই তালিকায় আছে কি না আমরা খতিয়ে দেখছি। আমরা এখনও বিস্তারিত পাইনি। আমরা সৌদি সরকারের কাছে রায়ের কপি চেয়েছি। সেটা পেলে বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন

শামা ওবায়েদ বলেন, ‘সব দেশেরই নিজস্ব আইনি কাঠামো আছে। সেই অনুযায়ী সাজা হয়। কিন্তু এভাবে দণ্ডিত হলে সেই বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে।’

তিনি বলেন, ‘সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার।’

নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘নিহত শাহেদ আহম্মদের পরিবারকে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেওয়া হবে।’

এছাড়া শিরশ্ছেদ হওয়া বাংলাদেশিদের বিষয়ে তিনি জানান, ‘সৌদি আরব রায়ের কপি দিলেই বিস্তারিত বলা যাবে। সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার বলেও জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘সৌদি আরবে প্রবাসীদের ভিসা নবায়ন ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সরকার।’

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর