Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রুবাইয়াত জামিলের মৃত্যুতে ডি‌সি‌সিআইয়ের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইউনাইটেড স্টেটস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত জামিল (৪৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রামের হাটহাজারীতে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু‌তে শোক প্রকাশ ক‌রেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)।

শ‌নিবার (২৮ মার্চ) ডি‌সি‌সিআই এক বিজ্ঞ‌প্ত‌ি‌তে এ শোকবার্তা দেয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মরহুম মাহবুব জামিলের একমাত্র পুত্র। মাহবুব জামিল ২০০৮-০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেন এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

বিজ্ঞাপন

রুবাইয়াত জামিল দেশের একজন উদীয়মান উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন। তথ্য-প্রযুক্তি খাত ছাড়াও ফুড রিটেইল, এলিভেটর ও এসকেলেটর এবং ইন্ডাস্ট্রিয়াল কুলিং সল্যুশনসহ বিভিন্ন খাতে একাধিক স্টার্টআপের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা-এর সাবেক পরিচালক ছিলেন এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ, জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বেসিসসহ বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।

ক্রিকেটের প্রতি তার ছিল গভীর অনুরাগ। নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়েও খেলেছেন।

মৃত্যুকালে তিনি মা, বোন, স্ত্রী এবং তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার নামাজে জানাজা আগামী রোববার (২৯ মার্চ) যোহর নামাজের পর রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর