পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হচ্ছে। এ অনুদান প্রকল্পের বরাদ্দপত্র মন্দির পরিচালনা কমিটির সদস্যদের হাতে তুলে দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদফতর আয়োজিত মন্দিরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বরাদ্দপত্র বিতরণ করেন। মন্দিরগুলোর উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এ অনুদান দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালনের ঘোষণা দেন ফরহাদ হোসেন আজাদ।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন,‘ দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।’
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।