Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিউলিপসহ দুজনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পিছিয়েছে

স্টাফ করেসপন্ডেট
২৯ মার্চ ২০২৬ ১৫:২৫

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।

ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা দুর্নীতির মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্ধারিত তারিখ পিছিয়েছে। নতুন করে আগামী ৮ এপ্রিল গেজেট প্রকাশের দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৯ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৮ মার্চ আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে গেজেট প্রকাশের কথা ছিল। কিন্তু ঈদের ছুটির কারণে নির্ধারিত সময়ে তা প্রকাশ সম্ভব হয়নি। ফলে আদালত নতুন করে ৮ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুর্নীতি দমন কমিশনের (দুর্নীতি দমন কমিশন) দেওয়া অভিযোগপত্র আমলে নেন এবং আসামিরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল করে পরে তা নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

উল্লেখ্য, একই ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

পরে শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে আদালত তিন মাসের জন্য তদন্ত কার্যক্রম স্থগিত করেন। তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর সংশ্লিষ্ট ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর