ঢাকা: ন্যায়বিচার পাওয়ার পথ সহজ ও কার্যকর করতে প্যারালিগ্যাল সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের মানুষ উপলব্ধি করতে পারবেন, যেকোনো পরিস্থিতিতেই তারা অসহায় নন। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও আইনি প্রতিকার পাওয়ার অধিকার রাখেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ এবং জাতীয় প্যারালিগ্যাল কোর্স চালুর লক্ষ্যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ ও সনদ প্রদানের উদ্যোগ দেশের প্রান্তিক মানুষের আইনি সহায়তা পাওয়ার সুযোগ বাড়াবে। এ উদ্যোগকে তিনি সময়োপযোগী উল্লেখ করে বলেন, আইনজীবীদের সহকারীরাও মক্কেলদের সঙ্গে যোগাযোগ ও মামলা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ তাঁদের জন্য দেশে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই।
দেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন। তাদের প্রশিক্ষণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রথমবারের মতো ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এ কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশি বংশোদ্ভূত একটি ব্রিটিশ বিশেষজ্ঞ দলের সঙ্গে সমঝোতা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিগগিরই এ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল থাকাকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছিলেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী আইন স্নাতকদের স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায় এ কর্মসূচিতে যুক্ত করা হয়েছিল। এ ধরনের উদ্যোগ তরুণ আইনজীবীদের পেশাগত দক্ষতা বিকাশে সহায়ক।
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার জন্য আবেদন জমা পড়েছিল ৩৫ হাজার ৫৯৬টি। ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩১২টিতে। অর্থাৎ আবেদন বেড়েছে ১৬৭ দশমিক ৭৬ শতাংশ।
একই সময়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংখ্যা ২৯ হাজার ৮৩৭টি থেকে বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে দাঁড়িয়েছে। বৃদ্ধির হার ১৪৬ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫টি থেকে বেড়ে ২০ হাজার ৬৮৭টিতে উন্নীত হয়েছে, যা ১০৮ দশমিক ৬৪ শতাংশ বেশি।
আইনমন্ত্রী বলেন, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম সম্প্রসারণের কারণে মক্কেল হারানোর আশঙ্কায় কোনো কোনো জেলার কিছু আইনজীবী এ কার্যক্রমের বিরোধিতা করছেন। তবে আলোচনার মাধ্যমে তাদের অধিকাংশকে বোঝানো সম্ভব হয়েছে। ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা, পেশাগত যোগ্যতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ক্ষেত্রে অভিন্ন জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) জন্য বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স চালু করা হবে।
এ লক্ষ্যে দুটি পৃথক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সহযোগিতায় রোহিঙ্গাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে বিশেষায়িত সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। অন্যদিকে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সহায়তায় পরিচালিত গবেষণা ও আন্তর্জাতিক সম্মেলনের সুপারিশের ভিত্তিতে দেশের সর্বস্তরের মানুষের জন্য জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স প্রণয়ন, পরীক্ষামূলক বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিকীকরণ করা হবে।
উভয় কোর্সের পাঠ্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধানে প্রণয়ন ও অনুমোদন করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ দেওয়া হবে। এ ছাড়া প্যারালিগ্যাল কর্মীদের দক্ষতা, জবাবদিহি ও পেশাগত মান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে একটি সমন্বিত ‘প্যারালিগ্যাল কাউন্সিল’ গঠনের উদ্যোগও সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনএইচসিআরের বাংলাদেশের প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং জিআইজেডের অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ জিয়াউল হাসান।
বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সরকারি আইনগত সহায়তা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম হবে।