Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোমবার দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬ ১৩:২১

আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আলোচনায় সংশ্লিষ্ট, এমন ইরানি সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএনএনের খবরে ওই কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের রোববারই (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা হলেও পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব রয়ে যায় বলে পরে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে আগামী বুধবারের মধ্যে কোনও চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন নাকি আবার হামলা শুরু করবেন, এ বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, হয়তো আমি এর মেয়াদ বাড়াব না। তখন (হরমুজ প্রণালিতে) অবরোধ জারি থাকবে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।

এর আগে, গত ১১ এপ্রিল (শনিবার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। টানা ২১ ঘণ্টা ধরে চলা এ আলোচনায় শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। ফলে কোনও সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দেশে ফেরে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আল জাজিরার এক এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনো চুক্তি ছাড়াই তারা দেশে ফিরেছেন।

আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে— এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর