Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তথ্য আদান-প্রদানে ইসি ও শিক্ষা খাতের বৈঠক রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১৭:৪৪

ঢাকা: শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ (ডাটা ইন্টারঅপারেবিলিটি) নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আগামী রোববার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসি’র এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহ. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে জানানো হয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে পারস্পরিক তথ্য-উপাত্ত আদান-প্রদান বিষয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে এনআইডি কার্ড সংশোধন বা নতুন নিবন্ধনের জন্য নাগরিকদের জমা দেওয়া কাগজপত্র ম্যানুয়ালি যাচাই করতে হয়। স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকায় জাল কাগজপত্র, ভুয়া শিক্ষা সনদ, পাসপোর্ট ও জন্মনিবন্ধন ব্যবহার করে আবেদনের ঝুঁকি থেকে যায়। এতে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগে এবং অনেক আবেদন বাতিল হয়ে যায়।

এই জটিলতা নিরসনে পাসপোর্ট, শিক্ষা সনদ ও জন্মনিবন্ধনসহ সরকারি ৯টি প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে এনআইডি সিস্টেম সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিআরটিএ, বিটিআরসি, পাসপোর্ট অধিদপ্তর, জন্ম ও মৃত্যুনিবন্ধন শাখাসহ বিভিন্ন দপ্তরের পর এবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ব্যানবেইসের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল /এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর