চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশীতে একটি কনসার্ট শেষে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে নগরীর আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগান এলাকার রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে শনিবার সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও তার অনুসারী নেতাকর্মীরা এ টুর্নামেন্টের আয়োজন করেন। কনসার্টে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়।
রাত ১০টার দিকে কনসার্ট শেষে দর্শনার্থীরা বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শুরু করেন। তাদের স্লোগান দিতে দেখে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় মিছিলকারীরা পালানোর চেষ্টা করলে কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দেওয়ায় নয় জনকে আটক করা হয়েছে। ফুটেজ দেখে জড়িত অন্যদের শনাক্ত করার কাজ চলছে।’