Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস: ডা. জাহেদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৪:৫৯

ঢাকা: জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য বিশেষ বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তথ্য উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বা উদ্ভূত পরিস্থিতি নিয়ে এখনো বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে এই সংকটের মধ্যেও আমি দেশবাসীকে আশ্বস্ত করছি যে, আমাদের দেশে বর্তমানে প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ রয়েছি। এর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে এনবিআর গত ২৭ এপ্রিল একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক ও অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।

ডা. জাহেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিজে কিংবা তাদের পক্ষে অন্য কোনো সংস্থা এই বাসগুলো আমদানি করলে একই সুবিধা লাভ করবে। তবে শর্ত হিসেবে এই বাসগুলোর রঙ অবশ্যই হলুদ হতে হবে এবং গায়ে ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে লেখা থাকতে হবে।

তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় বাস আমদানির আবেদন করলে আমরা ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করার ব্যবস্থা করেছি। আমি বিশ্বাস করি, এই সিদ্ধান্তের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কম খরচে আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবে, যা সড়কে যানজট কমাতে এবং অভিভাবকদের পরিবহন ব্যয় সাশ্রয় করতে ভূমিকা রাখবে।

তিনি জানান, সাধারণ যাত্রীদের জন্য পরিচালিত বাস আমদানিতেও শুল্ক কমানোর বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় আছে। আমরা মনে করি, গণপরিবহনে এ ধরনের পরিবর্তন আসলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং দেশের সামগ্রিক যাতায়াত ব্যবস্থায় একটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে।