Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিরোধীদলের সমালোচনা গঠনমূলক হওয়া উচিত: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২০:০২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: ঢাকায় বিএনপির এক প্রস্তুতি সভা পরিদর্শন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদল সরকারের সমালোচনা করতেই পারে, তবে সেই সমালোচনা গঠনমূলক হওয়া উচিত।

শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এ শনিবার (৯ মে) অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে, আর বিরোধীদল তার সমালোচনা করবে। এটাই মূল বিষয় এবং এটাই হওয়া উচিত। বিরোধীদল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় এবং মিথ্যা কথা বলা হয়, তাহলে সেটা ষড়যন্ত্র। শেখ হাসিনা ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরেও অনেক মিথ্যা কথা বলেছেন। যদি সেই ধরনের রাজনীতি হয়, তাহলে সেটা ষড়যন্ত্রের মধ্যেই পড়ে।’

রিজভী বলেন, ‘বিরোধীদল গঠনমূলক থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে। জনগণ যদি বিরোধীদলের বক্তব্য ইতিবাচক মনে করে, তাহলে জনগণই তার মূল্যায়ন করবে। আগামী নির্বাচনে জনগণই বিবেচনা করবে, সরকার সঠিক কাজ করেছে কি না।’

মতবিনিময় সভা প্রসঙ্গে রিজভী বলেন, ‘এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া, দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক কার্যক্রম ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে নেওয়া বিভিন্ন কার্যকর পদক্ষেপ এবং বাস্তবায়নাধীন বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।’

এ ছাড়াও রিজভী বলেন, ‘আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ অনেক ভালো ভালো কর্মসূচি রয়েছে।’

এ সময় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর