Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘রোসনি’র দায়িত্ব হস্তান্তর, দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু

ঢাবি করেস্পন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৫:৫৪

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশ (রোসনি)-এর প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নবগঠিত দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টায় রোকেয়া হলের ৭ মার্চ মিলনায়তনে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন হলের হাউজ টিউটরবৃন্দ এবং রোসনির সঞ্চালক দীপা সরকার ও ফারজিয়া হক ফারিন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রাধ্যক্ষ ড. হোসনে আরা বেগম। তিনি বলেন, ‘সংস্কৃতির চর্চা, বিকাশের অববাহিকায়’ মূলমন্ত্রকে ধারণ করে গত ১৩ মার্চ ২০২৫ সালে যাত্রা শুরু করা রোসনি অল্প সময়ের মধ্যেই ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রোকেয়া হলের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। ভবিষ্যতেও সংগঠনটি নতুন ও সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের স্বাতন্ত্র্য ধরে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রোসনির সঞ্চালক ফারজিয়া হক ফারিন বলেন, নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামীতেও গুণগত ও ইতিবাচক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত করবে।

প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রওনক জাহান রাকামনি এবং সাধারণ সম্পাদক ছিলেন নাফিসা তাবাসসুম মিথিলা। তাদের নেতৃত্বে রোসনি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রোকেয়া হলের সাংস্কৃতিক পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে সক্ষম হয়।

নবগঠিত দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি আল জাবেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের জিন্নাতুল ইসলাম প্রত্যাশা।

রোসনির ২০২৬ সালের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি পারমিতা রায়, সহ-সাধারণ সম্পাদক ফারিয়া আনাম লিউনী, সাংস্কৃতিক সমন্বয়কারী নাফিসা মালিয়াত সাবা, সহ-সাংস্কৃতিক সমন্বয়কারী পূর্ণিমা মল্লিক, সংগীত বিষয়ক কার্যনির্বাহী সদস্য রাফিয়া রিঝি, নৃত্য বিষয়ক কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফাইমা, আবৃত্তি বিষয়ক কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা বড়াল, অভিনয় বিষয়ক কার্যনির্বাহী সদস্য ঐশী রায়, দফতর সম্পাদক পাপড়ি রাণী দাস, সহ-দফতর সম্পাদক নাদিয়া আক্তার আঁখি, আয়োজন ব্যবস্থাপক তাশফিয়া তারানুম তিফা এবং সহ-আয়োজন ব্যবস্থাপক ভাগ্যশ্রী চক্রবর্তী দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদ রোসনির সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সদস্যরা নতুন পরিষদের জন্য শুভকামনা জানান।

সারাবাংলা/একে/এনজে