ঢাকা: দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির কাছে নতুন চ্যালেঞ্জ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও সচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৯ মে) সকাল পৌনে ১১টায় ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধটি হচ্ছে দেশের মানুষকে রক্ষা করবার, দেশকে রক্ষা করবার এবং গণতন্ত্রকে রক্ষা করবার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আপনারা সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি।
বিএনপির মহাসচিব বলেন, আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটা ধবংসস্তুপের মধ্য থেকে সরকারে এসেছি। যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই নাই নাই। আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তুপ থেকে জেগে ওঠা, টেনে তোলা …..দলকে শুধু নয় সরকারকে এবং রাষ্ট্রকে এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ।
মির্জা ফখরুল বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের নেতা তারেক রহমান যিনি নির্বাসনে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। দেশে সফল একটা অভ্যুত্থান ঘটিয়েছেন এবং একইসঙ্গে সফল নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে সরকারে এসেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে, আমরা তার এই নেতৃত্ব, দলের নেতাকর্মীদের যে আত্মত্যাগ এ সবগুলোকে স্মরণ করে আমরা যেন দলকে আরো সুসংগঠিত করি। তৃণমূল পর্যায়ে সকল মানুষের কাছে আমাদের দলের যে কাজগুলো হচ্ছে সেগুলো পৌছে দেই এবং একটা যোগসূত্র রক্ষা করি।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।