ঢাকা: বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে।
শনিবার (৯ মে) রাতে ১১ টার দিকে পুলিশের অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রোববার সকাল ৯ টায় পুলিশ সপ্তাহের উদ্বোধনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক তুলে দেওয়ার কথা ছিল।’
পুলিশ সদর দফতর সুত্রে জানা গেছে, পদকপ্রাপ্তদের তালিকা করার পর থেকেই রাজনীতিকরণ এবং দলীয় বিবেচনায় দেওয়ার অভিযোগ তুলেছিল অনেকে। তালিকায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদকপ্রাপ্ত বেশ কয়েকজন কর্মকর্তার নামও ছিল বলে আলোচনা রয়েছে।
পদক প্রদানের কয়েক ঘণ্টা আগে এভাবে স্থগিতের ঘটনাকে নজিরবিহীন বলছেন পুলিশ কর্মকর্তারা। নিকট অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি বলেও জানান তারা।
১০৭ পুলিশ সদস্যের পদক বিতরণ স্থগিতের বিষয়টি একটি গোয়েন্দা সংস্থা থেকেও নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা সংস্থার আরেকটি উইং থেকে জানা যায়, পুলিশ পদক নিয়ে এখনো জিও হয়নি। তাই ধরে নেওয়া হচ্ছে এটি স্থগিত করা হয়েছে।