Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

স্টাফ করেসপন্ডেট
১০ মে ২০২৬ ০৮:৫৯

শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন নিহত হওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেবেন। অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। এর আগে, গত ৭ মে এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

বিজ্ঞাপন

মামলায় এখন পর্যন্ত গ্রেফতার চার আসামি হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

গত ২৬ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে প্রসিকিউশন ও আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করে। শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপ এবং বিভিন্ন ভিডিও ফুটেজে অন্য আসামিদের উপস্থিতির তথ্য প্রসিকিউশনের কাছে রয়েছে। এসব তথ্য প্রমাণের ভিত্তিতে ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। এক আসামির আইনজীবী সিফাত মাহমুদ শুভ শুনানিতে দাবি করেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এ ধরনের অভিযোগ বিচারের জন্য পৃথক আইন রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ-পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুর এলাকায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন।

সারাবাংলা/টিএম/এনজে