Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হজের সময় স্বেচ্ছাসেবক হতে আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৩:০২

হজযাত্রীদের সেবায় স্বেচ্ছাসেবকরা।

মদিনার মসজিদে নববীতে আগত হজযাত্রীদের সেবা করার এক অনন্য সুযোগ তৈরি করেছে সৌদি আরবের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। ‘নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক এই বিশেষ প্রকল্পের অধীনে মদিনার পবিত্র মসজিদে আল্লাহর মেহমানদের দেখাশোনা ও বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে।

মূলত হজের সময় মদিনায় জনসমাগম বৃদ্ধি পাওয়ায় হাজিদের ইবাদত ও চলাফেরা নির্বিঘ্ন করতেই এই স্বেচ্ছাসেবক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি সরকার।

এই মহতী কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছে। শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরাই এই সেবামূলক কাজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এজন্য আবেদনকারীদের অবশ্যই সরকারি ‘আবশার’ পোর্টালে নিবন্ধিত থাকতে হবে এবং ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের নাম তালিকাভুক্ত করতে হবে। তবে মনে রাখা প্রয়োজন যে, বিদেশ থেকে হজের উদ্দেশ্যে যাওয়া কোনো সাধারণ হজযাত্রী বা বহিরাগত কারোর এই পদে আবেদনের সুযোগ নেই।

বিজ্ঞাপন

নির্বাচিত স্বেচ্ছাসেবীদের জন্য কাজের ক্ষেত্রগুলো বেশ বৈচিত্র্যময়। তারা মূলত মসজিদে নববীর ভেতরে নামাজের কাতার সুশৃঙ্খল রাখা, আগত দর্শনার্থীদের ধর্মীয় দিকনির্দেশনা প্রদান এবং বিভিন্ন ভাষাভাষী হাজিদের জন্য অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মসজিদের ডিজিটাল স্ক্রিন ও ইলেকট্রনিক সরঞ্জাম তদারকি করার পাশাপাশি মাঠপর্যায়ে জনসচেতনতামূলক কাজেও তারা সরাসরি যুক্ত থাকার সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইট nvg.gov.sa-এ গিয়ে ধর্মীয় ক্যাটাগরি নির্বাচনের মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। প্রতি বছর সৌদি কর্তৃপক্ষ হাজিদের সুবিধা-অসুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের এভাবে সেবামূলক কাজে সম্পৃক্ত করে থাকে, যা একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় সহায়তা করে এবং সাধারণ মানুষকে সওয়াবের কাজে অংশ নেওয়ার সুযোগ করে দেয়।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর