Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৮:৪২

এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আয়োজিত ‘বিশ্ব মানবাধিকার শহর ফোরাম ২০২৬’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এনসিপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এবারের সম্মেলনে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন। বৈশ্বিক প্রেক্ষাপটে মানবাধিকারের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে তিনি এনসিপির অবস্থান ও বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এই সফরটি দলটির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্মেলনের মূল কর্মসূচির পাশাপাশি আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রবাসীদের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং দেশের অর্থনীতি ও জাতীয় রাজনীতিতে প্রবাসীদের ভূমিকা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হবে। প্রবাসীদের পক্ষ থেকে আসা বিভিন্ন দাবির বিষয়ে এনসিপির নীতিগত অবস্থান স্পষ্ট করবেন তিনি।

এছাড়া সফরকালে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টার আয়োজিত একাধিক সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি দলের প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। রাজনৈতিক এই সফর এবং আন্তর্জাতিক সম্মেলন শেষে আগামী ১৯ মে রাতে আসিফ মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে। মূলত এই সফরের মাধ্যমে এনসিপি তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং প্রবাসী কর্মীদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে চায়।

সারাবাংলা/এফএন/এসআর