Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: ডিএসসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১২:৫৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের এবং বাকি ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের। উভয় পক্ষের শতভাগ সমন্বয় ঘটলেই কেবল ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জুলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ও ডিএসসিসি আয়োজিত ‘ডেঙ্গু রোগ প্রতিরোধ ও ভেক্টর নিয়ন্ত্রণবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ডেঙ্গুর বিরুদ্ধে একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি। গত মার্চ মাসে পরিচালিত জরিপে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ ছিল, সেখানে ক্র্যাশ প্রোগ্রাম ও নিয়মিত কর্মসূচি চালানোর ফলে অক্টোবরের জরিপে সেগুলোর পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নতুন কিছু ওয়ার্ড ঝুঁকির তালিকায় যুক্ত হয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জরিপকৃত ৬০ থেকে ৭০ শতাংশ বাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

অসচেতনতা ও অসাবধানতার সমালোচনা করে তিনি বলেন, অনেক বিত্তশালী ব্যক্তির নির্মাণাধীন বহুতল ভবনের নিচে পানি জমে এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে—যা অনেকটা ‘ডেঙ্গু চাষ’ করার মতো। এমনকি ধানমন্ডির মতো শিক্ষিত ও প্রভাবশালী এলাকাতেও ডেঙ্গুর প্রকোপ পাওয়া গেছে। বাড়ির মালিক ও প্রতিষ্ঠানগুলো একটু সচেতন হলে এবং ছাদ, ফ্রিজ ও এসির জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে মো. আবদুস সালাম জানান, দায়িত্ব দেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও গ্রিন করার বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং নিয়মিত খোঁজখবর রাখছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক কারণে ঢাকা সিটিকে দুই ভাগে বিভক্ত করার পর আদি ঢাকা হিসেবে পরিচিত দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব ও উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। তবুও আদি ঢাকার ঐতিহ্য ও গৌরব রক্ষায় একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের মাধ্যমে শহরকে সচল ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে।

সেমিনারে তিনি জুলোজিক্যাল সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওকে জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের উদ্যোগে ডিএসসিসি সবসময় অংশীদার হয়ে পাশে থাকবে বলে আশ্বাস দেন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর