চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে।
জানা গেছে, গত শনিবার থেকে পলি চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রোববার বাসার দরজা বন্ধ দেখে স্থানীয়দের ডাকা হয়। পরে পুলিশের সহায়তায় দরজার তালা ভেঙে ভেতরে তার মরদেহ দেখতে পান তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে থাকেন।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা জানতে পারেন, ওই স্কুলশিক্ষিকার বাসার ভেতর থেকে দরজা বন্ধ ছিল ও গন্ধ বেরোচ্ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়। পরে ঘরের ভেতরে ফ্লোরে শোয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।