Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সবজির বাজারে স্বস্তি নেই, মাছের দামও চড়া

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১২:২৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ১২:২৯

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর কাঁচামালের বাজারে শীতকালীন সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে। মাছের দামও চড়া। তবে গরু ও মুরগীর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, করল্লা প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, শিম প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১২০ টাকা, শসা (হাইব্রিড) প্রতি কেজি ১০০ টাকা, শসা (দেশি) প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মুলা প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৯০ টাকা, ফুলকপি (মাঝারি) প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি (মাঝারি) প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, কঁচু প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, শালগম প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

রাজধানীর বাসাবো বাজারের ক্রেতা বেসরকারি চাকরিজীবী রফিকুল হাসান বলেন, ‘কিছুদিন আগেও সবজির দাম কমে এসেছিল কিন্তু এখন আবার সবজির বাড়তি দাম। আজকের বাজারে বলতে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পেঁপের কেজি ৪০ টাকা, বাকি সব ধরনের সবজি আজকে থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু সবজি ১০০ টাকারও বেশি। দাম বেশি হওয়ার কারণে এক কেজির সবজি আধা কেজি করে কিনলাম।’ ‌

শফিক আহমেদ বলেন, ‘শীত মৌসুম শুরু হচ্ছে, এ সময় থাকবে সবজির দাম সবচেয়ে কম। আজকের বাজারে বাড়তি দামে সবজি কিনতে হলো। শীতের সময় সবজির সর্বোচ্চ কম দাম থাকার কথা, অথচ এখনো সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার ঘরে।’ ‌

সবজি বিক্রেতা সুরুজ মিঞা বলেন, ‘এই সময়ে আসলেই সবজির দাম কম থাকার কথা, কিছুদিন আগেও সবজির দাম কমই ছিল। কিন্তু কয়েকদিন আগের আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষেতে সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে, যে কারণে সবজির দাম বাড়তি চাচ্ছে। তবে সব সময় এটা থাকবে না, কয়েক দিনের মধ্যেই বাজারে শীতের নতুন ফসলগুলো , সবজিগুলো উঠতে শুরু করবে। তখন আবার সবজির দাম কমে যাবে।’

এদিকে মাছের সরবরাহ কমে আসায় আগের চেয়ে দাম বেড়েছে। বাজারে তেলাপিয়া ও পাঙ্গাসের দাম কেজিপ্রতি ২০০ টাকার ওপরে। আর গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৮০০ টাকা। বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। বিশেষ করে ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে।

এদিকে, অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। অপরদিকে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু আর বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা কেজি।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল মাছ ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা শাহেদ সেলিম বলেন, ‘শুক্রবার অন্যান্য দিনের চেয়ে মাছের দাম একটু বেশি থাকে। ১০ থেকে ২০ টাকা তফাৎ থাকে। আর মাছের দাম গত সপ্তাহে তুলনায় বেশি কমেনি আবার বেশি বাড়েনি। দাম বাড়লে আমাদের সমস্যা হয়। বেশি পুঁজি লাগে।’

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছের দাম ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বাইন মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দেশি শিং মাছের কেজি ১ হাজার টাকা। আর সাগরের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

মাছ কিনতে আসা আবুল হাসান বলেন, ‘আজকে শোল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি। দাম আগের মতোই আছে। পাঙ্গাস আর কিনেছি ২৭০ টাকা। ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম আছে।’

মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা।

অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

শহিদ ডা. মিলন দিবস আজ
২৭ নভেম্বর ২০২৬ ১২:১৮

আরো

সম্পর্কিত খবর