হিলি: জয়পুরহাট সীমান্তের কাছাকাছি একটি পুকুরের নিচে লুকিয়ে রাখা ৪২ লাখ টাকা মূল্যের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮১/২৫-এস থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় একটি পুকুরে মূর্তি লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। একটি সংঘবদ্ধ প্রত্নতত্ত্ব পাচারকারী চক্র সুযোগ বুঝে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তিগুলো পানির নিচে লুকিয়ে রেখেছিল।
তথ্যের সত্যতা যাচাইয়ের পর ২০ বিজিবির দুইটি বিশেষ টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পুকুরে সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় পুকুরের পূর্বপারে (ভারত সীমান্তের দিকে) চিহ্নিত দুইটি বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ও নিমজ্জিত অবস্থায় পাশাপাশি রাখা কষ্টিপাথরের মূর্তিগুলো পাওয়া যায়।
বিজিবি জানায়, স্থানীয় সোর্স এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধারকৃত মূর্তিগুলোর ওজন ও মূল্য নির্ধারণ করা হয়। বড়ো মূর্তিটির ওজন ২৫ কেজি এবং অন্য মূর্তিটির ওজন ১৭ কেজি। জব্দকৃত মূর্তিগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।
উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন দুইটি নওগাঁর বদলগাছিতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদফতর কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ পাশাপাশি এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।