Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ দগ্ধের ঘটনায় মারা গেলেন বাবা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৩:০৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় মীর কালাম (৩৫) মারা গেছেন।

সোমবার (১১মে) সকাল ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, কালামের শ্বাসনালীসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে কালামের স্ত্রী সায়মা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, দুই মেয়ে কথা ও মুন্নি ৫২ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের সবার অবস্থাই খুবই আশঙ্কাজনক।

এরআগে, গতকাল রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সবজি বিক্রেতা মীর কালাম (৩৫), তার স্ত্রী সায়মা(৩২)। তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।

বিজ্ঞাপন

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে। বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বালুকদিয়ে গ্রামে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর