Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

না ফেরার দেশে চলচ্চিত্র নির্মাতা শুকু

সারাবাংলা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬ ০২:৪১ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০২:৪২

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু। ফাইল ছবি

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সংস্কৃতিকর্মী এরশাদুল হক শুকুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাতিয়া বানু শুকু দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় মাতিয়া বানু শুকুকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাতিয়া বানু শুকু ছিলেন বরেণ্য ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী। প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনার মধ্য দিয়ে দেশের নাটক ও চলচ্চিত্রাঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

সৃজনশীল গল্প বলার ধরণ ও নির্মাণশৈলীর জন্য পরিচিত ছিলেন মাতিয়া বানু শুকু। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো সমাদৃত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্বামী নুরুল আলম আতিক, তিন সন্তান শান্তি, সাধু ও অগ্নিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে শুকুর চিকিৎসা চলছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে পরিবার। এ কারণে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতাও চান নূরুল আলম আতিক।

সম্প্রতি তার চিকিৎসায় সহায়তায় নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। ছবিটির বিশেষ প্রদর্শনী থেকে পাওয়া বিজ্ঞাপন আয়ের সম্পূর্ণ অর্থ শুকুর চিকিৎসার জন্য ব্যয় করার কথা ছিল। তবে সেই উদ্যোগের আগেই না–ফেরার দেশে চলে গেলেন গুণী এই নির্মাতা।

বিজ্ঞাপন

মিরপুরের পল্লবীতে ২ বাসে আগুন
২৭ নভেম্বর ২০২৬ ০১:৫৭

আরো

সম্পর্কিত খবর