Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাঁসের প্লেগের টিকা উদ্ভাবন, জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহানুর

বাকৃবি করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ২৩:৫৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ২৩:৪৬

প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. বাহানুর রহমানের হাতে পদক তুলে দিচ্ছেন।

বাকৃবি: হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবন ও গবেষণায় অবদানের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর গবেষণা ক্যাটাগরিতে তিনি রৌপ্যপদক অর্জন করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. বাহানুর রহমানের হাতে এ পদক তুলে দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

অধ্যাপক বাহানুর রহমান বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের শিক্ষক। হাঁসের ডাক প্লেগের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনবিষয়ক তার গবেষণা প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন তিনি। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়।

অধ্যাপক ড. বাহানুর বলেন, প্রাণিদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ-প্রতিরোধী হয়ে ওঠা বর্তমানে প্রাণিসম্পদ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। এটি প্রাণিসম্পদ পণ্যের রপ্তানি সম্ভাবনার পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন ও উৎপাদনের ওপর গুরুত্ব দিতে চান তিনি।

তিনি আরও বলেন, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রাণীর চিকিৎসায় বিভিন্ন ওষুধের ব্যবহার এবং প্রাণীর শারীরিক চাপ কমানো সম্ভব। এর ফলে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো যাবে।

প্রাণীর মৃত্যুহার কমানো এবং খামারিদের জন্য প্রাণিসম্পদ খাতকে আরও লাভজনক করে তোলাও তার গবেষণার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর