সিরাজগঞ্জ: জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মো. সুমন সরকার (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হলেও মৃত ব্যক্তিদের নিবন্ধন খাতায় নাম-ঠিকানা না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে কারাগারে অসুস্থ হয়ে পড়েন সুমন। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পর রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয় নগর গ্রামের মৃত কাবের সরকারের ছেলে। হত্যা মামলার আসামি হিসেবে প্রায় এক বছর ধরে তিনি কারাগারে ছিলেন।
তার স্ত্রী জমেলা খাতুন জানান, ভোর ৬টার দিকে তার ভাইয়ের মোবাইলে কারাগার থেকে স্বামীর মৃত্যুর খবর দেওয়া হয়। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, গত পাঁচ বছরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন পুরুষ বন্দির মৃত্যু হয়েছে। সুমনের মৃত্যুতে সংখ্যাটি ২২ জনে দাঁড়িয়েছে।
মৃত্যু সনদে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর ও সিভিডি উইথ ভমিটিং উল্লেখ করা হয়েছে। তবে হাসপাতালের মৃত ব্যক্তিদের নিবন্ধন খাতায় তার নাম-ঠিকানা না পাওয়ায় এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।