Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৯

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুরা।

বান্দরবান: বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে য়ংরাও ম্রো নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় একই উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সকালে ইয়াংরিং মাংক্রাত পাড়ার প্রেন্নই শিক্ষালয়ের (হোস্টেল) ব্যবস্থাপনা পরিচালক উথোয়াইংগ্য মার্মা বিষয়টি নিশ্চিত করেন।

মৃত য়ংরাও ম্রো (৭) কুরুক পাতা ইউপির ইয়াংরিং মাংক্রাত পাড়া প্রেন্নই অনাথ আশ্রমের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

উথোয়াইংগ্য মার্মা বলেন, কয়েক সপ্তাহ আগে হোস্টেলের দুই একজন ছাত্র-ছাত্রীর শরীরে ঘামাচি আকারের লাল লাল চিহ্ন দেখা দেয় সঙ্গে প্রচণ্ড জ্বর। ক্রমে এই উপসর্গে হোস্টেলের ৭০-৮০ জন ছাত্র-ছাত্রী আক্রান্ত হয়। এর ফলে অধিকাংশ ছাত্র-ছাত্রীদের নিজ পরিবারের কাছে পাঠানো হয়েছিল এবং বেশ কয়েকজনকে আলীকদম ও লামা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিজ্ঞাপন

এরমধ্যে নিজ বাড়িতে পাঠানো ছাত্র-ছাত্রীদের মধ্যে সোমবার (২৭ এপ্রিল) রাতে য়ংরাও ম্রো এর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়। এছাড়া একই ইউপির ফাতরা পাড়া এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্য এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, গতকাল রাতে ৯ নং ওয়ার্ডে সিন্ধু মুখের পাশে য়ংএ পাড়ায় হামের উপসর্গ নিয়ে ও ফাতরা পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ইংয়ং ম্রোয়ের ১ বছরের নাতিসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হাসান বলেন, হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১৮ জন রোগী ভর্তি রয়েছে।

চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে ৮৫ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একজনকে রেফার করা হয়েছিল। এছাড়া, কুরুকপাতা বাজার এলাকার অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প থেকে গত ৩ দিনে ১৪ জন হামের উপসর্গে আক্রান্ত রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে কুরুক পাতা ইউপির ৭ নম্বর ওয়ার্ডে রিংলত পাড়া এলাকায় জং রুং ম্রো (৩ মাস), খতং ম্রো (৭ মাস) ও চাংমুম ম্রো (৮)নামে তিন শিশু এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর