Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আইওএম’র গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, ক্যাম্পে উত্তেজনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১৫:৪১

আইওএম’র গাড়িটি।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইওএম পরিচালিত একটি গাড়ি (চট্ট মেট্রো-চ-১১-৮৭৬৪) ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

নিহত আবু ওয়াইদা ক্যাম্প-১৩-এর জি/০৪ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মৌলবি আব্দুল্লাহ্ এবং মায়ের নাম হামিদা। তার এফসিএন নম্বর ২১৬৪৮৫।

বিজ্ঞাপন

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয় এবং আইওএমের গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প ইনচার্জের নির্দেশে তানজিমার খোলা, ঘোনারপাড়া ও জামতলী এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত সহিংসতা এড়ানো সম্ভব হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মো. মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি বলেন, ‘ঘটনাটি ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।’

এদিকে, মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ক্যাম্পের পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, ক্যাম্প এলাকায় চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।

ক্যাম্পের বাসিন্দা আয়াজ উদ্দিনের মতে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি এনজিও পরিচালিত যানবাহনের চলাচলে কঠোর নিয়মকানুন আরোপের দাবিও জানান তিনি।