Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল যে দলের, যে খেলোয়াড় শীর্ষে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ২২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিশ্বকাপের ইতিহাস মানেই যেন গোলের রঙিন মহাকাব্য। আর সেই গল্পে সবচেয়ে উজ্জ্বল নাম ‘ব্রাজিল’। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২৩৭ গোল করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একইসঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাদের দখলে।

আর মাত্র ২২ দিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের নতুন অধ্যায়। আগামী ১১ জুন মেক্সিকোতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে গড়াবে এবারের আসরের বল। বিশ্বকাপের সেই প্রতীক্ষার মাঝেই ফিরে দেখা হচ্ছে গোলের ইতিহাস।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৫ গোল করেছেন রোনালদো নাজারিও। তার ঠিক পরেই আছেন ফুটবল সম্রাট খ্যাত পেলে, যার গোল সংখ্যা ১২। এ ছাড়াও রোমারিও, রিভালদো ও নেইমারদের পায়ের ছোঁয়ায় বারবার কেঁপেছে প্রতিপক্ষের জাল।

বিজ্ঞাপন

ব্রাজিলের খুব কাছেই অবস্থান জার্মানির। বিশ্বকাপ ইতিহাসে জার্মানদের গোল সংখ্যা ২৩২। আর একক খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার মুকুট জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার মাথায়। তার গোল সংখ্যা ১৬, যা এখনও বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ।

সবচেয়ে বেশি গোল করা দলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। দলটির গোল সংখ্যা ১৫২। দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির হাত ধরে বিশ্বজয়ের উল্লাসে ভেসেছে আকাশি-সাদা শিবির।

১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ জেতা ফ্রান্স গত দুই আসরেই খেলেছে ফাইনাল। জিনেদিন জিদান, থিয়েরি হেনরি ও কিলিয়ান এমবাপ্পেদের হাত ধরে ১৩৬ গোল নিয়ে সর্বকালের তালিকায় চতুর্থ স্থানে আছে লা ব্লুরা।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ১২৮ গোল নিয়ে আছে পঞ্চম স্থানে। আর শতাধিক গোল করা দলের তালিকায় রয়েছে স্পেন (১০৮) ও ইংল্যান্ড (১০৪)।

এদিকে ৯৬ গোল নিয়ে শতকের খুব কাছাকাছি দাঁড়িয়ে নেদারল্যান্ডস। আর সেরা দশের বাকি দুই দল উরুগুয়ে ও হাঙ্গেরির গোল সংখ্যা যথাক্রমে ৮৯ ও ৮৭।

সারাবাংলা/ইউজে/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর