Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বয়স্ক ভাতা ৭০০-প্রতিবন্ধী ভাতা ১ হাজার টাকা করার প্রস্তাব

স্টাফ করেসপন্ডেট
১১ জুন ২০২৬ ১৭:৩৫

ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের ভাতা ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে মোট ৬২ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যাও ১ লাখ বাড়িয়ে ৩০ লাখে উন্নীত করা হবে। এই ক্ষেত্রে মাসিক ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতাভোগীর সংখ্যা ৩৪ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩৮ লাখ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি তাদের মাসিক ভাতা ৯০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা ৮১ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মাসিক উপবৃত্তির হারও বাড়ানো হবে। প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক স্তরে ১ হাজার টাকা, মাধ্যমিক স্তরে ১ হাজার ১০০ টাকা, উচ্চমাধ্যমিক স্তরে ১ হাজার ২০০ টাকা এবং উচ্চশিক্ষায় ১ হাজার ৪০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও সুবিধা বৃদ্ধি করে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর