Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে আম মেলায় ১৮৩ জাতের আমের প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৬:৪৪

চাঁপাইনবাবগঞ্জে আম মেলায় প্রদর্শিত আম

চাঁপাইনবাবগঞ্জ: আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে দেশি-বিদেশি ১৮৩ জাতের আম নিয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আম মেলা। জেলার আমের বৈচিত্র্য, ঐতিহ্য ও বিলুপ্তপ্রায় জাত সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হওয়া এ মেলা চলবে রোববার পর্যন্ত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন এলাকার আমচাষি, উদ্যোক্তা ও কৃষি বিভাগের পক্ষ থেকে একাধিক স্টল স্থাপন করা হয়েছে।

মেলার সবচেয়ে বড় আকর্ষণ ‘আমের জাত প্রদর্শনী’ স্টলে একসঙ্গে প্রদর্শন করা হচ্ছে ১৮৩ জাতের আম। প্রদর্শিত আমের মধ্যে রয়েছে ছাব্বিশ হাজারী গুটি, চাষা বুলি, কিউজাই, কেইট, ব্রুনাই কিং, ঊষাপন্নি, দিলসাদ, জাদুজেম, শরবতি, তোতাপুরিসহ নানা পরিচিত ও অপরিচিত জাতের আম।

বিজ্ঞাপন

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এক জায়গায় এত বৈচিত্র্যময় আমের সমাহার তারা আগে কখনো দেখেননি। অনেকেই বিভিন্ন জাতের আমের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে আমের বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। নানা বয়সি মানুষের উপস্থিতিতে মেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

কিশোরগঞ্জ থেকে মেলায় আসা দর্শনার্থী ইয়াসিন আলী বলেন, ‘এত ধরনের আম আগে কখনো দেখিনি। চাঁপাইনবাবগঞ্জে আমের বৈচিত্র্য সত্যিই বিস্ময়কর।’

স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, ‘নিজ জেলার মানুষ হয়েও অনেক জাতের আমের নাম আগে শুনিনি। এখানে এসে নতুন অনেক জাতের সঙ্গে পরিচিত হতে পেরেছি।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান বলেন, ‘জেলার বিভিন্ন এলাকার পুরোনো ও নতুন বাগান থেকে এসব আম সংগ্রহ করা হয়েছে। প্রদর্শিত জাতগুলোর মধ্যে কিছু বিদেশি জাত থাকলেও অধিকাংশই দেশীয়। হারিয়ে যেতে বসা বিভিন্ন জাতের আম সংরক্ষণ ও মানুষের মাঝে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও জানান, বর্তমানে জেলার বাণিজ্যিক বাগানগুলোতে সীমিত কয়েকটি জাতের আমের চাষ বেশি হলেও গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে অন্যান্য জাতগুলোকেও টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলার ঐতিহ্যবাহী আমচাষকে আরও সমৃদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর