Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎খাল না বাঁচালে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৭:৪৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নগরবাসীর স্বার্থে রাজধানীর খালগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণ করা জরুরি, অন্যথায় ভবিষ্যতে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

শনিবার (২০ জুলাই) দুপুরে মিরপুর মুসলিম বাজার এবং হাতিরঝিল এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, খাল ও জলাশয় পরিষ্কার রাখা একটি চলমান প্রক্রিয়া হলেও গত ১৯ বছর ধরে আন্তরিকতার অভাবের কারণে এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত হাতিরঝিলও বর্তমানে বিনোদনের পরিবেশ হারিয়েছে। তবে সরকার অচিরেই লাইটিং, বসার ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করে হাতিরঝিলকে একটি আধুনিক বিনোদন কেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনা করছে।

‎বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৫৬টি খাল রয়েছে, যার মধ্যে উত্তর সিটিতে ২৭টি এবং দক্ষিণ সিটিতে ২৯টি খাল অবস্থিত। বর্ষা মৌসুম ও ডেঙ্গুর প্রকোপ মাথায় রেখে ছোট-বড় সব খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালের অবৈধ স্থাপনা অপসারণ এবং সীমানা নির্ধারণের জন্য ইতিমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কালশী সাংবাদিক আবাসিক এলাকার ৮০ ফুট খাল থেকে ৫৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

‎এ সময় প্রতিমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে খাল পরিষ্কার করা হচ্ছে, অন্যদিকে মানুষ আবারও সেখানে ময়লা ফেলছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত স্থানের বাইরে খাল বা খালের পাশে ময়লা ফেললে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুযায়ী জরিমানা করা হবে।

তিনি বলেন, এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে টেকসই করতে এবং অতিবৃষ্টিতে জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে। তবে এই উদ্যোগকে সফল করতে তিনি জরিমানার মুখোমুখি না হয়ে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে প্রশাসন ও সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।

‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর