Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তালা ভেঙে জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের প্রবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৮:৪১

তালা ভেঙে জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: নির্ধারিত সময়ে গেট না খোলায় ক্ষুব্ধ জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহিদ পরিবারের সদস্যরা রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে বাইরে অপেক্ষমাণ আরও অনেক দর্শনার্থীও জাদুঘর প্রাঙ্গণে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে দুপুর সোয়া ২টায় জাদুঘরের প্রবেশদ্বার খুলে দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পার হলেও গেট বন্ধ থাকায় বাইরে অপেক্ষমাণ লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

টানা বৃষ্টির মধ্যে শত শত মানুষ মূল ফটকের সামনে অবস্থান নেন এবং দীর্ঘক্ষণ ভিজে অপেক্ষা করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা গেটে ধাক্কা দিতে শুরু করেন এবং তালা ও গেট ভেঙে জাদুঘরের ভেতরে প্রবেশ করেন।

গেট ভেঙে প্রবেশের সময় উপস্থিত জনতার মুখে বিভিন্ন স্লোগান শোনা যায় এবং শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়। জাদুঘরে প্রবেশের সময় আন্দোলনকারীদের একজন বলেন, ‘কোনো ভাংচুর করবেন না, কোনো সম্পদের ক্ষতি করবেন না। আমরা ইতিহাস দেখতে এসেছি, দেখে চলে যাব।’

ঘটনার বিষয়ে উপস্থিত অন্য দর্শনার্থীরা বলেন, তারা দীর্ঘ সময় ধরে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেছেন। তারা বলেন, নির্ধারিত সময়ে গেট খুলে দেওয়া হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। দায়িত্বপ্রাপ্তদের বিলম্বের কারণেই এই উত্তেজনা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।

ঘটনার সময় চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও বিপুলসংখ্যক মানুষের চাপে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা যায়। পরে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর প্রাঙ্গণে প্রবেশ করে বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর