ঢাকা: ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনায় সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বুধবার (৫ আগস্ট) এক্স হ্যান্ডেলে এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, প্রতারকরা হাইকমিশনের কর্মকর্তাদের পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে মিথ্যা আশ্বাস দিয়ে ভিসা বা কনস্যুলার সেবা সহজ করে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করছে।
হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব বা অর্থ চেয়ে যোগাযোগ করবেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন করা হয়।
এ ধরনের কোনো কল, বার্তা বা প্রস্তাব পেলে অর্থ প্রদান না করা, ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার পাশাপাশি বিষয়টি দ্রুত ভারতীয় হাইকমিশন, ঢাকাকে জানানোর অনুরোধ করা হয়েছে।
অভিযোগ জানানোর সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতারকের ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাঠাতে বলা হয়েছে। এজন্য হাইকমিশনের নির্ধারিত ই-মেইল [email protected]এ যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।