Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার কাউন্সিলের পরীক্ষায় প্রতারণা: ২ প্রার্থী আজীবন নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ২০:০৭

বাংলাদেশ বার কাউন্সিল

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় প্রতারণার অভিযোগে দুই পরীক্ষার্থীকে ভবিষ্যতে বার কাউন্সিলের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বার কাউন্সিল জানায়, গত ২৮ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় এক প্রার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকা সত্ত্বেও ফলাফল পুনর্নিরীক্ষণের (রিভিউ) আবেদন করেন। অন্যদিকে আরেক প্রার্থী পরীক্ষায় সম্পূর্ণ সাদা খাতা জমা দিয়েও রিভিউয়ের আবেদন করেন।

বিজ্ঞাপন

এ দুই ঘটনায় সংশ্লিষ্ট প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তাদের লিখিত ব্যাখ্যাকে বাস্তবতাবিবর্জিত, খামখেয়ালিপূর্ণ এবং অসন্তোষজনক বলে বিবেচনা করে এনরোলমেন্ট কমিটি।

কমিটির মতে, এ ধরনের আচরণ বার কাউন্সিলের সঙ্গে সচেতনভাবে প্রতারণার শামিল। এছাড়া ভবিষ্যতে তারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে দুই প্রার্থী— মুহাম্মদ সাইফুল আমিন ও এম. আর. আকাশকে বাংলাদেশ বার কাউন্সিলের ভবিষ্যতের সব ধরনের এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে বার কাউন্সিল পরীক্ষার্থীদের প্রতি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, পরীক্ষা-সংক্রান্ত যেকোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর