ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির বলেন, রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও এসেছিল গ্রুপের আলোচনায়।
জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক থানায় মামলাও হয়েছে।