পাবনা: দীর্ঘ ৪০ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় পাবনা স্টেশন থেকে উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে পাবনা-ঢাকা রুটে ‘ পাবনা প্রভাতী এক্সপ্রেস ‘ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেনের করা উদ্বোধন হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এমপি ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
এই যোগাযোগ চালুর মাধ্যমে সরাসরি রাজধানীর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে উত্তরের এই জনপদ। এমন উদ্যোগে তাই এলাকাবাসীর মনে বইছে আনন্দের জোয়ার।
১৯১৫ সালে ব্রিটিশ আমলে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মাধ্যমে এই অঞ্চলে রেল যোগাযোগ শুরু হলেও মূল শহরটি ছিল রেল নেটওয়ার্কের বাইরে। ২০১৩ সালে ১৭০০ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদী- পাবনা-ঢালারচর রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়ে ২০১৯ সালে শেষ হয়। তবে সে সময় কেবল পাবনা-রাজশাহী রুটে একটি লোকাল ট্রেন চালু করা হয়েছিল। ২০২৩ সালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পাবনার জনসভায় ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিলেও তা আলোর মুখ দেখেনি। পরবর্তীতে, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনি ইশতেহারে বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
পাবনাবাসীর মতে, এতদিন ঢাকায় যেতে সড়কপথে তীব্র যানজট, বাড়তি ভাড়া কিংবা ঈশ্বরদী-চাটমোহর ঘুরে অথবা কাজিরহাট-আরিচা নৌপথে চরম ভোগান্তি পোহাতে হতো। সরাসরি ট্রেন চালু হওয়ায় সময় ও অর্থ দুটোই বাঁচবে।
নতুন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পাবনা স্টেশনের কাউন্টারগুলোতে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঐতিহাসিক এই প্রথম যাত্রার সাক্ষী হতে আগেভাগেই টিকিট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। অনেকেই বলেন, বাস বা অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনের জার্নি সবসময়ই অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ। সড়ক দুর্ঘটনার ঝুঁকি বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা। তুলনায় রেলে দুর্ঘটনার হার অনেক কম। ট্রেনে সিটে বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায়, যেখানে শিশুদের নিয়ে বা বয়স্কদের যাতায়াত করাও অনেক সহজ।
এদিকে, উদ্বোধন উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসন ও পুলিশের নিরাপত্তাসহ সব বিষয়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পাবনা- ঢাকা সরাসরি রেল যোগাযোগ। সেই প্রত্যাশা পূরণে, পাবনা-ঢাকা ট্রেন উদ্বোধন উপলক্ষ্যে বড় জমায়েত হবে বলে মনে করি। তাই নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সব প্রকার প্রস্তুতি আমাদের রয়েছে। পাবনা জেলা পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার সদস্যর পাশাপাশি রোভার স্কাউটস, বিএনসিসিসহ সবাইকে দেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে আরএনবি, রেলওয়ে পুলিশ ও তাদের জনবল থাকবে।