ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলার স্বাস্থ্যবিভাগ থেকে প্রেরিত প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার নামের এক নারীর মৃত্যু হয়।
মৃত নুরুন নাহার বেগম নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সময়ে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন দুই রোগী।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং দিনের বেলাতেও মশারি বা মশা প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করতে হবে।’
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু হলে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি।
এ ছাড়া জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। জেলা স্বাস্থ্যবিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’