রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুর প্রকোপ ও রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মোসা. জোসনা আরা (৫০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া জোস্না আরা চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার দুপুরে গুরুতর অবস্থায় তাকে রামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গুর জটিল রূপ ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম’-এ আক্রান্ত হয়ে তিনি মারা যান।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রামেকে মোট ১৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যা হাসপাতালের স্বাভাবিক সেবাদান ক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
চলতি মৌসুমে এ পর্যন্ত রামেক হাসপাতালে মোট ১ হাজার ৩৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১৯৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।