ঢাকা: রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরিদর্শনে গিয়ে তিনি গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
তেজগাঁও সিএসডিতে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি সংরক্ষিত চাল ও আটার মান পরীক্ষা করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত গুদামরক্ষকদের সঙ্গে কথা বলেন।
রেজিস্টার পর্যালোচনা করে খাদ্যশস্য কতদিন ধরে গুদামে সংরক্ষিত রয়েছে, প্রতিদিন কী পরিমাণ চাল ও আটা বিতরণ করা হচ্ছে এবং মজুদ ও বিতরণসংক্রান্ত সার্বিক তথ্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, তেজগাঁও সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। এর মধ্যে চারটি গুদামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী সংরক্ষিত রয়েছে। বর্তমানে চালু থাকা ৩৫টি গুদামে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে।
কয়েকটি গুদাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি সেগুলো দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন। প্রয়োজন হলে এ বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় সিএসডির কর্মকর্তা-কর্মচারীরা জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন খাদ্যমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে এমন বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি মাঝেমধ্যেই এখানে চলে আসব। কেউ জানতে পারবেন না। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশটা সবার। আমরা সবাই একটি পরিবারের মতো। আমরা যেমন আমাদের নিজের ঘরের জিনিস চুরি হতে দিতে পারি না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না।
খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।