Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি দিবসের কনসার্টে আসবেন জেমস, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

জবি করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ২১:৩৩

সংগীতশিল্পী নগর বাউল জেমস

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে সংগীতশিল্পী নগর বাউল জেমসের উপস্থিত থাকবেন। এদিকে দিবসের অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কনসার্টে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্‌মাদসহ সহকারী প্রক্টররা উপস্থিত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হবে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ—ঐক্যবদ্ধ জবিয়ান’। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, কনসার্টসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সভায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তা এবং কোতোয়ালি, বংশাল ও সূত্রাপুর থানার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বিশ্ববিদ্যালয় দিবসের র‌্যালি, কনসার্ট ও অন্যান্য অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অংশীজনদের পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা, বিএনসিসি, রোভার স্কাউটস এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন।

সভায় জকসু ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর