ঢাকা: রাজধানীর তেজগাঁও বিটিসিএল অফিসে চোর সন্দেহে অজ্ঞাত (২০) বছরের এক যুবককে বেধে পিটিয়ে হত্যার অভিযোগ দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক সকালে দেয়াল টপকে ভিতরে ঢুকেছিল। তখন আনসার সদস্যরা তাকে ধরে ফেলে। এরপর বেধে মারধর করার পর যখন অচেতন হয়ে পড়ে, তখন সিএনজি অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে কোনো আনসার সদস্য সাথে আসেনি।
মরদেহের সাথে হাসপাতালে আসা সৈকত আলী নামে এক ব্যক্তি নিজেকে আনসারের সাবেক প্লাটুন কমান্ডার (পিসি) পরিচয় দিয়ে বলেন, তিনি বিটিসিএল অফিসে গত এক মাস আগে এসেছেন অন্য একটি কাজে। আজ সকালে ওই যুবক ও তার সাথে আরও দুই তিনজন বাউন্ডারি টপকে ভিতরে ঢুকেছিল জিনিসপত্র চুরির উদ্দেশ্যে। তখন দায়িত্বরত আনসার সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। তখন এই যুবক লাঠি দিয়ে এক আনসার সদস্যকে বাড়ি দেয়। সঙ্গিরা পালিয়ে গেলেও তখন ওই যুবককে ধরে ফেলে আনসার সদস্যরা।
তিনি আরও বলেন, ধরার পর তাকে ক্যাম্পে নিয়ে বেধে মারধর করে। যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন আমাকে (সৈকত আলী) দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তাকে মারধরে আমি জড়িত নাই। তবে ওই অফিসে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অবগত করা হয়েছে।