Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউলের আইনজীবীরা সময় নষ্ট করছেন: প্রসিকিউশন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১৫:৪০

প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিচার্য বিষয় এড়িয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

তাদের দাবি, মামলায় বলার মতো কিছু না থাকায় সময়ক্ষেপণের কৌশল নিয়েছে আসামিপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এদিন শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী নাজনীন নাহার।

বিজ্ঞাপন

গাজী এমএইচ তামিম বলেন, ‘যুক্তিতর্কের শুরুতেই আসামিপক্ষ ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছিল। এ জন্য তারা বিভিন্ন কারণ দেখায়। তবে প্রসিকিউশন সময় চাওয়ার আবেদনের বিরোধিতা করলে শেষ পর্যন্ত আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে।’

তিনি বলেন, ‘যুক্তিতর্কের শুরুতে আসামিপক্ষ জিয়াউল আহসানের চাকরির নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ২০০৭ সালে তৈরি ওই নথি পড়া হয়। এ সময় মামলার অভিযোগ-সংশ্লিষ্ট কোনো বক্তব্য উপস্থাপন করা হয়নি।’

প্রসিকিউটর তামিম বলেন, ‘চিফ প্রসিকিউটর সাক্ষীদের জবানবন্দি উপস্থাপনের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু করেছিলেন। কারণ, মামলায় কী অভিযোগ আনা হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে কী প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে, তা তুলে ধরা জরুরি। সাক্ষীদের জবানবন্দিই এ মামলার মূল বিষয়, যার ভিত্তিতে ট্রাইব্যুনাল বিচার করবেন। এর বাইরে গণমাধ্যমে বা প্রকাশ্যে কী ঘটেছে, তা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়।’

আসামিপক্ষের বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘সকাল থেকে যুক্তিতর্ক শুরু হলেও তারা মামলার মূল বিষয়বস্তুতে প্রবেশ করতে পারেননি। সময় চাওয়ার জন্য দুজন আইনজীবী দাঁড়িয়েছেন। বিচারপ্রক্রিয়ার বাইরের বিভিন্ন ঘটনা তুলে ধরে সময় নষ্ট করা হয়েছে। ট্রাইব্যুনাল বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ বিষয়ে জবাবও দিয়েছেন।’

প্রসিকিউটর আরও বলেন, ‘তাদের ধারণা, এ মামলায় আসামিপক্ষের বলার মতো তেমন কোনো বক্তব্য নেই। এ কারণেই মামলার বিচার্য বিষয়ের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ট্রাইব্যুনালের সময় নষ্ট করা হচ্ছে।’

আসামিপক্ষ পর্যাপ্ত সময় পায়নি—এমন অভিযোগও নাকচ করেন গাজী এমএইচ তামিম। তিনি বলেন, ‘চলতি বছরের ১৪ জানুয়ারি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এরপর সাক্ষ্যগ্রহণ শেষ করতে ট্রাইব্যুনালকে ৭৩টি আদেশ দিতে হয়েছে। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮টি কর্মদিবস পেয়েছে আসামিপক্ষ। মাত্র ১৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য তারা প্রায় ৭০ দিন সময় পেয়েছে।’

তার দাবি, ট্রাইব্যুনাল কোনো মামলাতেই এর চেয়ে বেশি সময় দেননি। ১১ মাসে মাত্র ১৫ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। অথচ এই সময়ে ট্রাইব্যুনালে আরও অনেক মামলার অসংখ্য সাক্ষী উপস্থাপন করেছে প্রসিকিউশন।

আসামিপক্ষ পর্যাপ্ত সময় পায়নি—এমন দাবি সম্পূর্ণ অসত্য উল্লেখ করে তামিম বলেন, ‘ট্রাইব্যুনালের আদেশ ও কার্যবিবরণীর নথি দেখিয়ে আসামিপক্ষ কত সময় পেয়েছে এবং কত সময় কাজে লাগিয়েছে, তা তুলে ধরা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত থাকবেন—এমন কারণ দেখিয়ে আসামিপক্ষ সময় চেয়েছে। অথচ বিচারপ্রক্রিয়ার পুরো সময়ে ওই আইনজীবীরা উপস্থিত ছিলেন না বা মামলার কার্যক্রমে অংশ নেননি। এখন তাদের দোহাই দিয়ে সময় চাওয়া হচ্ছে।’

প্রসিকিউশনের দাবি, আসামিপক্ষের যুক্তিতর্কের মূল উদ্দেশ্য সময়ক্ষেপণ করা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর