ঢাকা: জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের সময় কমিটিতে প্রতিমন্ত্রী, হুইপ ও সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কমিটি গঠনের ক্ষেত্রে সংসদের ঐতিহ্য অনুযায়ী এসব পদে বেসরকারি সদস্যদের রাখা প্রয়োজন।
মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সাতটি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব পাস হওয়ার পর বিষয়ে তার মতামত প্রকাশ করেন। স্থায়ী কমিটিগুলো গঠনের মূল উদ্দেশ্য হলো একজন বেসরকারি সদস্য কমিটির চেয়ারম্যান হবেন এবং মন্ত্রী পদে যিনি আছেন তিনি সদস্য হিসেবে থাকবেন।
তিনি বলেন, কয়েকটি মন্ত্রণালয়ে সদস্য পদে প্রতিমন্ত্রী ও হুইপের মতো উচ্চপদস্থ ও সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়টি তিনি লক্ষ্য করেছেন। তিনি বলেন, এভাবে কমিটি গঠনে কোনো আইনি বাধা বা জটিলতা না থাকলেও সংসদের মূল চেতনা ও ঐতিহ্য বজায় রেখে বেসরকারি সংসদ সদস্যদেরই সদস্য পদে রাখা উচিত। ভবিষ্যতে স্থায়ী কমিটি গঠনকালে চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে এই বিষয়টি বিশেষভবে বিবেচনা করার অনুরোধ জানান।
তিনি বলেন, চিফ হুইপের প্রস্তাব উত্থাপনের পর সমাজকল্যাণ, প্রবাসী কল্যাণ, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, পানিসম্পদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। এর আগে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে উক্ত সাতটি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেছিলেন।