Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার 

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১২:০৮

বিমানবন্দরে স্পীকারসহ অন্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে স্পিকার ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন-সহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন হাফিজ উদ্দিন আহমদ। এই সরকারি সফরে স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী।

ছয় দিনের এই সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সংসদীয় নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেয়। সফরকালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, সংসদীয় সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের দেওয়া নৈশভোজেও অংশ নেন বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধিদলের সদস্যরা।

সফরের অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন এবং সেখানে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের চারা রোপণ করেন। পাশাপাশি তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং জাতীয় কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। সফল সফর শেষে রোববার ভোরে প্রতিনিধিদলটি দেশে প্রত্যাবর্তন করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর