Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৫ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৭

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন।

ঢাকা: সার্বিক জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার বিকল্প পদক্ষেপ গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘব এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং গ্যাস আমদানিসহ নানা কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে নারী নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হলেও প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাহসিকতাপূর্ণ নেতৃত্বে দল আজ সুসংগঠিত।’ নারীর ক্ষমতায়নে বিএনপির অবদানের কথা তুলে ধরে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল এবং বর্তমান সরকার তা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার কথা ভাবছে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতা নারীদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘নারীদের ওপর যারা শারীরিক ও মানসিক নির্যাতন চালায় তারা সম্পূর্ণ কাপুরুষ।’ গণপরিবহণ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে মানুষের জীবনযাত্রাকে সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর পদক্ষেপ অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।