Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন দেশ থেকে আসবে ৭৮০ কোটি ৭৬ লাখ টাকার সার

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৮

রাসায়নিক সার

ঢাকা: দেশের কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা এবং কৃত্রিম সংকট নিরসনে বেলারুশ, মরক্কো ও সৌদি আরব থেকে সর্বমোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানিতে ৭৮০ কোটি ৭৬ লাখ ২৭ হাজার ৫৩৯ টাকা খরচে তিনটি পৃথক ক্রয় প্রস্তাবের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কৃষিখাতে এই বড় অর্থ বরাদ্দের কথা জানানো হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে কৃষি ও শিল্প মন্ত্রণালয় থেকে উপস্থাপিত প্রস্তাবসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুমোদিত এই আমদানির মধ্যে রয়েছে ৩০ হাজার মেট্রিক টন এমওপি, ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার।

কৃষি মন্ত্রণালয়ের উত্থাপিত প্রথম প্রস্তাবটির বিষয়ে সরকারি সূত্র নিশ্চিত করেছে যে, বেসরকারি পর্যায়ে বেলারুশ থেকে স্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন এমওপি (MOP) সার আমদানি করা হবে। মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে এই বিপুল পরিমাণ এমওপি সার ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ১০০ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৪৭ কোটি ১৮ লাখ ৫০ হাজার ৯৯৯ টাকা। আন্তর্জাতিক দর অনুযায়ী প্রতি মেট্রিক টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৮ দশমিক ৯৭ মার্কিন ডলার।

অপরদিকে কৃষি মন্ত্রণালয়ের অধীন অপর এক প্রস্তাবে সরকারি জিটুজি (G2G) চুক্তির আওতায় মরক্কোর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘ওসিপি নিউট্রিক্রপস, এসএ’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে ইতঃপূর্বে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে দ্বিতীয় লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি (DAP) সার আমদানির সবুজ সংকেত দেওয়া হয়েছে। মরক্কোর এই খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে সার কিনতে বাংলাদেশ সরকারের সর্বমোট ৪৩৯ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ১৮০ টাকা ব্যয় হবে, যেখানে আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী প্রতি মেট্রিক টন ডিএপি সারের দর পড়েছে ৮৮৯ দশমিক ৩৩ মার্কিন ডলার।

পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের সরাসরি প্রস্তাবের ওপর ভিত্তি করে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের বিখ্যাত প্রতিষ্ঠান ‘সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে চতুর্থ লটের ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। মরুর দেশটির এই প্রতিষ্ঠানটি থেকে ইউরিয়া সার সংগ্রহ করতে সরকারের মোট খরচ হবে ১৯৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৩৬০ টাকা এবং এতে প্রতি মেট্রিক টন সারের দাম পড়েছে ৩৯১ দশমিক ৬৬ মার্কিন ডলার।

তবে একই সভায় আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ২০ হাজার মেট্রিক টন এবং টিএসপিসিএলের জন্য ১০ হাজার মেট্রিক টন জরুরি ফসফরিক অ্যাসিড আমদানি সংক্রান্ত শিল্প মন্ত্রণালয়ের অপর দুটি প্রস্তাব বিস্তারিত পর্যালোচনার জন্য সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর